images

দেশজুড়ে / প্রবাস

মক্কার সড়কে নিভে গেল হানিফের জীবন

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৭:৩৬ পিএম

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া (২৫)।

নিহত হানিফ মিয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন হানিফ। তিনি মক্কার একটি হাসপাতালে চাকরি করতেন। সম্প্রতি ওমরাহ পালন শেষে শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে মক্কার আল নাসিম এলাকায় মসজিদ আল রাজির সামনে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

মৃত্যুর খবরটি একই এলাকার আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া সুহেল পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দিলে পুরো মাঝিগাছা গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ দুধ দিয়ে গোসল দুই ওমান প্রবাসীর, ঘটনা কী

কাঁদতে কাঁদতে নিহতের বোন সুমাইয়া বলেন, আমার ভাই টানা ছয় বছর ধরে প্রবাসে ছিল। এই ছয় বছরে একবারও তাকে দেখতে পারিনি। বলেছিল, আর এক মাসের মধ্যেই দেশে আসবে। কিন্তু ভাই আর ফিরল না। আমাদের বাবা প্রায় ১০ বছর ধরে অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনকারী ছিল আমার ভাই। ভাই টাকা পাঠালে আমাদের সংসার চলত, ভালো কিছু খেতে পারতাম। এখন আমাদের কী হবে?

পরিবার জানায়, অসুস্থ বাবার চিকিৎসা, সংসারের খরচ এবং পরিবারের ভবিষ্যতের আশায় নিজের যৌবনের সবচেয়ে মূল্যবান সময় বিদেশে কাটিয়েছেন হানিফ। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়েই প্রতিদিন কাজ করতেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে নিহতের পরিবারের খোঁজখবর নিতে মাঝিগাছা গ্রামে যান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সংসদ সদস্যের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরটিভি/এমএইচজে