সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০২:২০ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে চিপস তৈরির কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার আসবাবপত্র, তৈরিকৃত চিপস, কার্টন, প্লাস্টিক প্যাকেট ও মেশিনারিজসহ প্রায় ৫ হাজার বর্গফুটের একটি সেমিপাকা টিনের ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার মালিক তাবারক বলেন, এই কারাখানা থেকেই আমার আয়-উপার্জন হতো। এখন আমি পথের ফকির হয়ে গেলাম। সরকারের কাছে সহযোগিতার দাবি জানাচ্ছি।
কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (এসএসও) মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা ৪টার দিকে আগুন লাগার খবর পাই। পরে আমার নেতৃত্বে দুই ইউনিট মিলে পৌনে এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে সকাল ৬টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দক্ষ ও সময়োপযোগী অভিযানের ফলে কারখানার প্রায় ১৫ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় কেউ হতাহত হয়নি।
আরটিভি/আইএম