images

দেশজুড়ে

সড়কে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০২:৪৩ পিএম

নওগাঁর পোরশায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর নানি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার সরাইগাছী-বারিন্দা সড়কের একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মুশফিকা জান্নাতি উপজেলার সহনন্দ গ্রামের মুন্না ডাকুয়ার মেয়ে। আহত কুলসুম বেগম (৫৫) একই গ্রামের আব্দুল গণির মেয়ে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, নিজ বাড়ি থেকে কুলসুম বেগম নাতনিকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় সরাইগাছী বাজারে যাচ্ছিলেন। পথে ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার পাশ থেকে একটি শূকর অটোরিকশার সামনে চলে আসে। এতে ধাক্কা লেগে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায়।

এ ঘটনায় চালক অক্ষত থাকলেও কুলসুম বেগম ও তার নাতনি মুশফিকা জান্নাতি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আরও পড়ুন
Web-Image15

বসতঘরের ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রী নিহত

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে মুশফিকা জান্নাতির মৃত্যু হয়।

পোরশা থানা পুলিশ জানায়, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত কুলসুম বেগম পোরশা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আরটিভি/আইএম