সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৭:৩৮ পিএম
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে জুনায়েদ রাড়ী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ রাড়ী ওই গ্রামের রানা রাড়ীর ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে জুনায়েদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুনায়েদ বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশে আগে থেকে খোঁড়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে জুনায়েদকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জুনায়েদের চাচা শাহ আলম রাড়ী বলেন, জুনায়েদ খুবই চঞ্চল ছিল। সকালে খেলতে খেলতে কখন যে গর্তের পানিতে পড়ে গেছে, কেউ বুঝতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। আমরা এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ওমর ফারুক বলেন, শিশুটিকে যখন আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা পর্যবেক্ষণ করে বাচ্চাটির কোনো হার্টবিট পাইনি। হাসপাতালে আনার আগেই বাচ্চাটি মারা যায়।
আরটিভি/এমএইচজে