মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৬:৩২ পিএম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে আহত এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে স্বজনদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
জানা গেছে, উপজেলার তারতাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী চান মিয়ার স্ত্রী রমিছা বেগম (৫৫) সাপের কামড়ে আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, বিষধর সাপ নয় বা ইঁদুর কামড়েছে, এমন ধারণা করে কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে বিলম্ব করেন। পরে তার মৃত্যু হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে শিশু বিশেষজ্ঞ ডা. আজিজ আহমেদ বিলাসকে।
রোগীর স্বজনদের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসার অভাবে রমিছা বেগমের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসা দিয়ে রোগীকে জামালপুর রিলিজ দিলে পথে তার মৃত্যু হয়েছে। ডাক্তারের সাথে ধস্তাধস্তির বিষয়ে তারা বলেন, নিহতের স্বামী রাগের মাথায় দায়িত্বরত চিকিৎসকের সাথে বাগবিতণ্ডা করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে