বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৩:৩৩ পিএম
বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে শহীদ ওয়াসিম ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে ছিলেন।
জানা যায়, ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা লাগে ফাইয়াজের। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইওভারের বাতিও বন্ধ ছিল। ট্রাকটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে পেছনে ধাক্কা দেন।
পুলিশ জানায়, ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে নগরের কাজীর দেউড়ি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি দেখার কথা ছিল তার।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, বিকল ট্রাকটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
আরটিভি/আইএম