images

দেশজুড়ে

সাজেকে আটকা পড়া সকল পর্যটকদের সরিয়ে এনেছে সেনাবাহিনী

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৫:১৯ পিএম

রাঙামাটির সাজেকে আটকা পড়া সকল পর্যটকদের শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর সহায়তায় সরিয়ে আনা হয়েছে। 

শুক্রবার(১০ জুলাই) ৪১১ পর্যটককে সরিয়ে আনা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে পর্যটকদের নিয়ে আসার কার্যক্রম শুরু করে বাঘাইহাট সেনা জোন। 

সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত তিন জায়গায় পানি ওঠার কারণে সাজেকের সাথে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আটকা পড়ে সাড়ে পাঁচ শতাধিক পর্যটক। সেনাবাহিনীর স্কট দিয়ে পর্যটকদের সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত নিয়ে আসে। মাচালং, সীমানাছড়া ও বাঘাইহাট বাজারে পানি ওঠার কারণে পর্যটকরা সাজেকে আটকা পড়ে। সেনাবাহিনী মোটরবাইক, সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রার সাহায্যে পর্যটকদের সাজেক থেকে নিয়ে আসে। পথিমধ্যে মাচালং, সীমানাছড়া ও বাঘাইহাট বাজারে নৌকা ও ভেলা করে পর্যটকদের পার করে। প্রতিটি জায়গা পার করানোর পর আবারো মোটরবাইক, সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রা করে নিয়ে আসা হয়। এভাবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দেড়শো জনকে নিয়ে আসা হয়েছে বলে বাঘাইহাট জোন সূত্র জানায়। শুক্রবার সকাল থেকে বাকি ৪১১ পর্যটককে সরিয়ে আনা হয়। 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, সাজেকে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে সেনাবাহিনীর স্কটের মাধ্যমে বৃহস্পতিবার ১৫০ জনকে এবং শুক্রবার বাকি ৪১১ পর্যটককে সরিয়ে আনা হয়েছে। 

বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে ব্যাপক আস্থা ও স্বস্তি সৃষ্টি করেছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে। এসময় পর্যটকরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনী বাঘাইহাট জোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞত জানান। 

আরও পড়ুন
58555

সুনামগঞ্জে বন্যার আশঙ্কা, যেসব প্রস্তুতি গ্রহণ করল প্রশাসন

টানা বৃষ্টিপাতের কারণে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পর্যটক ভ্রমণে গিয়ে আটকা পড়ে। খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে যান চলাচল বন্ধ থাকায় পর্যটক আটকা পড়েছেন।

কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, আটকা পড়া পর্যটকদের বিনাভাড়ায় রাখা হয়। শুধুমাত্র পানির বিল নেয়া হয়েছিল।

আরটিভি/ এসকেডি