শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৬:১০ পিএম
টানা পাঁচ দিনের ভারী বর্ষণে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার পাশাপাশি উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার পর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি ও বসতবাড়ির আঙিনায় পানি জমে যায়। দুপুরে সরেজমিনে দেখা যায়, অনেক সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবারের ভারী বর্ষণের পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক এলাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে রয়েছে।
পৌরসভার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে।
জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট দিয়ে পানি অপসারণের কাজ চলছে। গেটের দায়িত্বে থাকা ইব্রাহীম মোল্লা জানান, যত দ্রুত সম্ভব জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একবামুল হোসেন জানান, অতিবৃষ্টিতে আওশ ধান, মরিচের ক্ষেত, অফ সিজেন তরমুজসহ কয়েক হেক্টর ধানের বীজতলা তলিয়ে গেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, এখনো পুকুর ও মৎস্য ঘের তলিয়ে যাওয়ার খবর পাইনি। তবে বৃষ্টি অব্যহত থাকলে মৎস্য ঘের তলিয়ে ব্যপক ক্ষতি হবে ঘের মালিকদের।
পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে পানি দ্রুত অপসারণের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/ এসকেডি