রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৪:৩২ পিএম
অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে পড়লে পথ ভুলে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোনকল করে উদ্ধার হয়েছেন ৪ ছাত্র।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক ছাত্র চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন আনাইরপাড়া থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন।
ওই ফোনকলে তিনি জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শোলকবহর থেকে তিনি ও তার ছোটোভাই এবং তার বন্ধুরা মিলে সীতাকুণ্ডের ইকোপার্কে ঘুরতে যান। ঘুরতে গিয়ে সহস্রধারা ঝরনা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে পড়লে, পথ ভুলে তার ভাই এবং তিন বন্ধুসহ ৪ জন আটকে পড়েন।
আব্দুল আলম আরও জানান, তার ভাই সাকিব (২২) এবং ভাইয়ের বন্ধুরা চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স থার্ড ইয়ারের ছাত্র।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে সীতাকুন্ড ফায়ার সার্ভিসকে দ্রুত বিষয়টি উদ্ধারের জন্য জানানো হয়। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার এএসআই শরিফুল ইসলাম এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ রাখছিলেন ডিস্পাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেন।
সংবাদ পেয়ে, সীতাকুন্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রচণ্ড বৃষ্টির মধ্যে ৩ কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পায়ে হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ৮টা ১০ মিনিটে সহস্রধারা ঝরনার আটক থাকা ৪ জন ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। সীতাকুন্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
আরটিভি/এসএস