৫ দিন পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ  

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৪:১৭ পিএম


৫ দিন পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম স্টেশনে পৌঁছে, সেখান থেকে ২০ মিনিট যাত্রাবিরতি শেষে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে।  

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ বলেন, রেললাইনে পানি উঠে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। যে-সব স্থানে সমস্যা ছিল, সেগুলোর মেরামতকাজ শেষ হয়েছে। আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।  

পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে বেলা ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে।  

মঙ্গলবার কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি প্রায় আট ঘণ্টা ষোলশহর স্টেশনে আটকে থাকার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে ওই ট্রেনের কক্সবাজার যাত্রা বাতিল করা হয়। জলাবদ্ধতার কারণে মোট চারটি ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়।  

এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বাতিল করা হয়। এছাড়া, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম–কক্সবাজার অংশের যাত্রা বাতিল করে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে রেলওয়ে।  

আরও পড়ুন

বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সে সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission