images

দেশজুড়ে

৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৯:৫৭ পিএম

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুর জেলা। জেলার পাঁচটি আসনের সকল সংসদ সদস্য (এমপি) তাদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন এবং জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির নির্ধারিত সভা চলাকালীন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বন্যা দুর্গতদের সহায়তায় তার সংসদ সদস্য হিসেবে প্রাপ্য এক মাসের পুরো মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে একদিনের বেতন প্রদানের আহ্বান জানান।

তার এ আহ্বানে তাৎক্ষণিক গভীর সংহতি প্রকাশ করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তার আহ্বানে সাড়া দিয়ে সভায় উপস্থিত জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণও স্ব-স্ব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশ নেয়ার বিষয়ে সহমত পোষণ করেন।

আরও পড়ুন
13

ধসে যাওয়া সড়কের বিষয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জেলা প্রশাসক জানান, সভায় অনুপস্থিত অন্য সংসদ সদস্যদের সঙ্গে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারাও এ উদ্যোগে শরিক হন।

এক মাসের মূল বেতন দানকারী সংসদ সদস্যরা হলেন; গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দীন আইয়ুবী, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগের এ ক্রান্তিকালে আগামী ৩ কর্মদিবসের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। সংগৃহীত এ অর্থ দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া জানান, গাজীপুর একটি বিশেষ জেলা হিসেবে জেলা প্রশাসন এ অনন্য দৃষ্টান্ত স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ যৌথ অবদান দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন; গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

আরটিভি/এমএ