সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৫:২৯ এএম
অভিযোগ তদন্ত করতে গিয়ে বাদীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, ছেলেকে সৌদি আরবে পাঠানোর পর একই গ্রামের মাহমুদুল সরকার চুক্তি অনুযায়ী তার কাজের ব্যবস্থা করেননি। অভিযোগটির তদন্তভার দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে। তদন্তের প্রয়োজনে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী ঘটনাটি তদন্ত করেন।
তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে গত শুক্রবার (১০ জুলাই) পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে রোববার (১২ জুলাই) এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী গণমাধ্যমকে বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, এসআই মোস্তাফিজার রহমান এর আগে বগুড়া সদর থানায় কর্মরত ছিলেন। সেখানেও তার বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ উঠেছিল। পরে প্রায় পাঁচ মাস আগে তাকে ধুনট থানায় বদলি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত এসআই মোস্তাফিজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি।
আরটিভি/এমএইচজে