সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৪:৫২ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টায় ফটিকছড়ি থানাধীন ৯নং ওয়ার্ডের দৌলতপুর দিঘীরপাড় সংলগ্ন আজালার বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল ভুজপুর থানার আছিয়ার চা বাগান (৬ নং ওয়ার্ড, ৩ নম্বর লাইন) এলাকার মনু মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দৌলতপুর দিঘীরপাড় এলাকার মৃত জাকিরের ছেলে ওসমানের কাছ থেকে কিছু গাছ ক্রয় করেন লতিফ নামে এক গাছ ব্যবসায়ী। পরবর্তীতে ব্যবসায়ী লতিফ গাছগুলো কাটার জন্য জামালের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জামাল তার দুই সহকর্মী শ্রমিক রাঙ্গুনিয়া পৌরসভার কান্দারপাড় এলাকার মৃত বসিরের দুই ছেলে আমানুল (২৩) ও মোহাম্মদ সেলিমকে (২৬) নিয়ে গাছ কাটতে যান। কাটার উপযোগী গাছটির পাশেই একটি বৈদ্যুতিক খুঁটি ছিল এবং সেখান থেকে বিদ্যুতের তার ঝুলছিল। পরে জামাল কাজ করার সুবিধার্থে ঝুলন্ত তারটি সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে ফটিকছড়ি থানার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরটিভি/এমএইচজে