সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৭:০০ পিএম
রাঙামাটির সীমান্তবর্তী হরিনায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী এ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিজিবির হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে বিভিন্ন সামগ্রী তুলে দেন।
জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের যেকোনো দুর্যোগ মোকাবেলায় হরিণা জোন (১২ বিজিবি) সবসময় তৎপর ও সচেষ্ট। এই অতি বর্ষণে ছোটহহরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশকিছু ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিজিবি সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের সাহায্যার্থে আত্মনিয়োগ করেছে।
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে মর্মে আশ্বস্ত
করেন তিনি।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তৈল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাইসহ বিভিন্ন উপকরণ।
আরটিভি/এমএইচজে