images

দেশজুড়ে

ভারতে পালানোর সময় আটক রোহিঙ্গা মা-শিশু, পাঠানো হলো ক্যাম্পে

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১২:১২ এএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাশিশুকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভোরে দুর্গাপুর সীমান্ত থেকে মাজিদা (২৫) নামে ওই নারীকে সন্তানসহ আটক করে স্থানীয়রা।

খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে সোমবার দুপুরে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাংতি বাজার এলাকায় মাজিদা নামে এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী মেয়ে আয়েশাকে স্থানীয় লোকজন আটক করেন। তারা ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, মাজিদা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম। তবে তার স্বামী বেলাল মারা গেছেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান মাজিদা।

পরে সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুইজন নারী কনস্টেবলের সঙ্গে পুলিশি নিরাপত্তায় মাজিদা ও তার মেয়েকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য রওনা হয়। 

আরও পড়ুন
1

কক্সবাজারে ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদেরকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদেরকে নিজ ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছে পুলিশ।

আরটিভি/এসএস