images

দেশজুড়ে

সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৩:৪৪ পিএম

মোংলায় সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ তার দলের ২৭ জন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা গুলি জমা দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গুলি জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণ করা এসব দস্যুদের বাড়ি খুলনা, বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়। আত্মসমর্পণ করার পর এ দস্যুদেরকে দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

কষ্টি পাথরের মূর্তিসহ দুই চোরাকারবারি আটক

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ মে ছোট সুমন বাহিনীর প্রধান সুমনসহ ৭ দস্যু ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এরপর গত ৯ জুলাই বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ দস্যু ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে।

এ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোস্ট গার্ড, পুলিশ, বিজিবি, র‍্যাব ও বনবিভাগসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে