images

দেশজুড়ে

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগের হামলা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১২:১২ পিএম

পাবনার সুজানগরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এবং সবুজ নামে এক কনস্টেবল আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুরের দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

পুলিশ ও সংশ্লিষ্টদের দাবি, বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে বিশ্বকাপ ফুটবল খেলার ম্যাচ ছিল। ফলে ভোর রাত অবধি বিশ্বকাপ উন্মাদনা ও আমেজ ছিল। একে ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখাসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল বা নাশকতার একটি পরিকল্পনা করছেন বলে গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। এ খবর পেয়ে দুটি গাড়িতে পুলিশের একটি সাধারণ টহল টিম মথুরাপুরের দোপপাড়া এলাকায় গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই দলের কয়েকশো কর্মী-সমর্থক পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুজন পুলিশ সদস্য আহত হন। 

এ সময় আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব উপস্থিত থেকে এ হামলা চালান বলে দাবি পুলিশের। আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানায় পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, দুটি গাড়িতে ১০-১৫ জন পুলিশ সদস্যের একটি টহল টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ সদস্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী দেখেন। পুলিশকে দেখামাত্রই স্থানীয় মসজিদে ঘোষণা দেওয়া হয়। তখন আরও কয়েকশ কর্মী সমর্থক এতে যুক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

আরও পড়ুন
Web-Image---Copy

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

তবে আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব পুলিশের এ দাবি সঠিক নয় বলে দাবি করে বলেন, আমি জেলার বাইরে থাকি। পুলিশের তাণ্ডবে এলাকায় যেতে পারি না। যতটুকু জেনেছি, রাতে খেলা দেখার পর ওই এলাকায় ছেলেপেলেরা খিচুড়ির আয়োজন করছিল। এ সময় পুলিশ গিয়ে ১০-১৫ জনকে আটক করে। তখন ওই এলাকার মানুষ, এমনকি মহিলারাও নাকি বেরিয়ে এসে আটকদের ছাড়িয়ে নেয়। এ সময় নাকি পুলিশের গাড়িতে বাড়ি দিছে, দুজন আহত হইছে বলে শুনলাম।

এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলা চালিয়ে ওসিসহ দুজনকে আহত করা হয়েছে। তারা চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে