শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০১:১৮ এএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) বাংলাদেশী দুই সহোদর ভাই মারা গেছেন। এ ঘটনায় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুরে শোকের মাতম চলছে। সজীব ও সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা ব্যবসায়ী আব্দুল মালেক।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টার দিকে প্রাইভেটকারযোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনাও সজীব ও সুজন মারা যায়। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে।
সজীব ও সুজনের সহকর্মীদের বরাত দিয়ে তাদের বাবা আব্দুল মালেক জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতো। তারা দুইজনই রিয়াদ শহরে ব্যবসায়ীক মালামাল কিনতে যায়। ওই মালামল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এসময় গুরুত্বর আহত হয়ে সজীব ও সুজন মারা যায়। এদিকে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েছেন তাদের মাসহ পরিবারের সদস্যরা। সজীব ও সুজন ভদ্র স্বভাবের এবং পরিশ্রমী মানুষ ছিলেন বলে জানায় স্থানীয়রা।
নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা চেয়েছেন।
নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের
সদস্যরা। চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।
আরটিভি/ এসকেডি