শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০১:০৪ পিএম
যশোরে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে অভয়নগর উপজেলার মশরহাটী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসাইন আহমেদের (২২) বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে। পেশায় তিনি একজন মাদরাসা শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় হোসাইন আহমেদ মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী ইয়াসমিন বলেন, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক মাদরাসা শিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
আরটিভি/আইএম