রোববার, ১৯ জুলাই ২০২৬ , ১২:৫৪ পিএম
রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি ব্রয়লার মুরগির খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুরগির খাবার চুরির সময় ভারী বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা। কালুখালি থানার ওসি মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি ব্রয়লার মুরগির খামারে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। তার মরদেহের পাশে একটি মুরগির খাবারের বস্তা পড়ে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি মুরগির খাবারের বস্তা চুরির চেষ্টা করেন জসিম।
এ সময় ভারী ফিডের বস্তা তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এসএস