রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৬:৩৭ পিএম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মধুপুর ভট্ট গ্রামে চার পা-ওয়ালা একটি মুরগির ছানা জন্ম নেওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের তৈরি হয়েছে।
রোববার (১৯জুলাই) দুপুরে এই ঘটনাটি নজরে আসে সবার।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে একটি দেশি মুরগির নিচে ডিম দেওয়া হয়েছিল বাচ্চা ফোটানোর জন্য। রোববার সকালে বাড়ির সদস্য আবির মুরগিকে খাবার দিতে গিয়ে দেখতে পান, সদ্য ফোটা একটি ছানার স্বাভাবিক দুই পায়ের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।
আবির বলেন, আমার নানি আত্মীয়ের বাড়িতে থাকায় আমি মুরগিকে খাবার দিতে গিয়ে দেখি একটি ছানার একাধিক পা। প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে বাড়ির সবাইকে ডাকি। আমার নানি এসে দেখে বিষয়টি নিশ্চিত করেন। এরপর আশপাশের মানুষও এসে দেখে। আমরা আগে দুই পা-ওয়ালা মুরগিই দেখেছি, কিন্তু চার পা-ওয়ালা মুরগির ছানা এই প্রথম দেখলাম। বিষয়টি আমাদের কাছে খুবই বিস্ময়কর।"
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ছানাটি এক নজর দেখতে ভিড় করছেন। স্থানীয়দের অনেকেই জানান, তারা আগে কখনো চার পা-ওয়ালা মুরগির ছানা দেখেননি। এমন বিরল ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রাণিবিজ্ঞানীদের মতে, এ ধরনের ঘটনা সাধারণত ভ্রূণের বিকাশজনিত জন্মগত ত্রুটির (congenital anomaly) কারণে ঘটতে পারে। যদিও এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল।
আরটিভি/ এসকেডি