সোমবার, ২০ জুলাই ২০২৬ , ১১:২৩ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে শিশুর (৯) মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ জনতার পিটুনিতে এক সন্দেহভাজন নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাতে পুলিশ দুই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত শিশু ফারজানা সুলতানা উপজেলার কাজলা মাঝেরপাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে। সে কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফারজানা প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটি হওয়ার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পেয়ে তারা কালিগঞ্জ থানায় বিষয়টি জানায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে খোঁজার অভিযান চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রেতা আমিরুল ইসলামের স্ত্রী সুমাইয়ার (২৬) বসতঘর থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ক্ষুব্ধ জনতা সুমাইয়াকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো পুলিশ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আরটিভি/এমএইচজে