মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১২:৫০ পিএম
বরিশালের একটি আবাসিক মাদরাসার কক্ষ থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাতে গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদাউস (১১) নওগাঁর আত্রাই থানার নালুয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী মো. সান্টুর মেয়ে। শিশুকাল থেকে সে গৌরনদীর কাসেমাবাদ গ্রামে তার নানা বাড়িতে বসবাস করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেরাকুল গ্রামের বাসিন্দা শিক্ষক জহুরুল ইসলাম আকনের কাসেমাবাদ এলাকার বাড়ি ভাড়া নিয়ে গত বছরের নভেম্বর মাসে ‘মিফতাহুল জান্নাহ্ হিফজুল কোরআন মডেল মহিলা মাদরাসা’ নামে একটি আবাসিক প্রতিষ্ঠান করেন দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফ খন্দকার। দুইজন নারী শিক্ষিকা দিয়ে ১৫ জন ছাত্রীকে নিয়ে ওই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।
রাতে জান্নাতুল নামের ওই ছাত্রী রহস্যজনকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা জানা যায়নি।
জান্নাতের মা সুবর্না বেগম জানান, স্বামী প্রবাসে থাকায় দুই মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়ি কাসেমাবাদ গ্রামে থাকেন। আবাসিক ওই মাদরাসার নাজেরা বিভাগে তার মেয়ে জান্নাতুল ফেরদাউস অধ্যয়নরত ছিল।
মাদরাসার একাধিক ছাত্রী জানায়, সোমবার সন্ধ্যার পর মাদরাসার একটি কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে জানালার গ্লাস দিয়ে তারা দেখতে পায় ভেতরে কেউ জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও মাদরাসার দায়িত্বরত ওই দুই শিক্ষিকা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাৎক্ষণিক তারা ওই ছাত্রীকে নামানোর পর দেখেন সে (জান্নাতুল) মারা গেছে। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় আনা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরটিভি/আইএম