images

দেশজুড়ে

প্রবল বৃষ্টিতে ঘরের উপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, প্রাণ গেল যুবকের

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৭:৩০ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবি গ্রামে পল্লি বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে বসতঘরের টিনের চালে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামের রব মাতুব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রবল বৃষ্টির সময় হঠাৎ চালু থাকা পল্লি বিদ্যুতের একটি মেইন তার ছিঁড়ে বসতঘরের টিনের চালে পড়ে। এতে মুহূর্তের মধ্যে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। সে সময় ঘরের ভেতরে থাকা ব্যক্তিরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে (৩০) মৃত ঘোষণা করেন। আহত শেখ ওবাইদুর (৪০), মিঠু মাতুব্বর (৩৫) ও মিঠু মাতুব্বরের স্ত্রী হেনা আক্তারকে (২৫) প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আরও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন
Web-Image---Copy

পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

সদরপুর পল্লি বিদ্যুতের এজিএম শহিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সংযোগ থেকে জিআই তার দিয়ে অবৈধ সংযোগ নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে