বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো. ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে খেলার একপর্যায়ে সবার অগোচরে তিন শিশু পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। পরে এক প্রতিবেশী জাকিরুলকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, নিহত দুই ভাই-বোনের বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকায় তারা নানির কাছে থাকতেন। ঘটনার সময় নানি রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
কাহালু থানার পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে
হস্তান্তর করা হবে।
আরটিভি/এমএইচজে



