মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৮:৫৬ পিএম
ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার শ্রীরামপুর ও বেরশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তারকৃতরা হলেন— ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী এলাকার মো. টুটুল (৩৬) এবং সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মো. রাসেল হোসেন (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দেবাশীষ সানার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল ও এসআই জুলফিকার সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান চালান। এ সময় মাদক কেনা-বেচাকালে ১০০ পিস ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়। অন্যদিকে, একই রাতে যাদবপুর ইউনিয়নের বেরশ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি টুটুলকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে