images

দেশজুড়ে

ভিডিও বিতর্কের মধ্যেই জামায়াত নেতার বিরুদ্ধে নতুন অভিযোগ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৮:৩৩ এএম

ভিডিও বিতর্ককে ঘিরে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এসেছে। 

গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছানো প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি আবেদনপত্রের অনুলিপিতে দেখা যায়, ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে গাজী নজরুল ইসলামের সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন। আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, তার ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

গত সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর উদ্দেশে, স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে পাঠানো ওই আবেদনপত্রে ওবায়দুর রহমান নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ১৪ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত রোজ গার্ডেন টাওয়ার ২-এর ডি-২ ফ্ল্যাটের একটি কক্ষে তাকে হত্যার উদ্দেশ্যে তিনজন ব্যক্তি লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা হলেন- আমিন (পিতা- জব্বার সরদার, (দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের এসআই), মাসুম বিল্লাহ এবং মোস্তাসিম বিল্লাহ (উভয়ের পিতা ইউনুস সরদার)।

image

আবেদনপত্রে ওবায়দুর রহমান দাবি করেন, একপর্যায়ে তার গোঙানির শব্দ ও মারধরের আওয়াজ শুনে পাশের কক্ষ থেকে তার মা ও ছোট বোন এসে তাকে উদ্ধার করেন। পরে তাদের সহযোগিতায় তিনি একটি সিএনজিযোগে রাত ১২টা ৩৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। বর্তমানে প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেন।

আবেদনপত্রে তিনি আরও দাবি করেন, আমি তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ছিলাম। সেই সুবাদে তার সকল প্রকার দুর্নীতি ও অনৈতিক কাজের আমি চাক্ষুষ সাক্ষী। এ কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আবেদনপত্রে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুমহল দখল, ঘুষ গ্রহণ, মব বাহিনী গঠন, নারীঘটিত বিভিন্ন কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগও তোলা হয়েছে। এছাড়া ২২ জুন, ৯ জুলাই এবং ১৩ জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে এক তরুণীকে নিয়ে অবস্থানের দাবিও করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে আবেদনপত্রে কোনো প্রামাণ্য নথি সংযুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন
satkhira-jamat-mp

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

আবেদনপত্রের শেষাংশে ওবায়দুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আরটিভি/এসকে