বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৭:১২ পিএম
নওগাঁর মান্দা উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে তার আত্মার মাগফিরাত কামনা এবং স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২২ জুলাই) বাদ আসর উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে অবস্থিত শহীদ রাসেলের কবরে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত শেষে শহীদ রাসেলের বাসভবনসংলগ্ন স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
এ সময় কশব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ এবং ইউনিয়ন পরিষদ সচিব আহম্মদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ রাসেলের শোকসন্তপ্ত বাবা, পরিবারের সদস্য, নিকটাত্মীয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় মুসল্লিরা এই দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে শহীদ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
আরটিভি/এমএইচজে