বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৭:১৮ পিএম
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজার ও বান্দরবান জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়, ২২ জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এ ছাড়া আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরটিভি/এমএইচজে