বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৭:৫২ পিএম
মাদারীপুরে মানব পাচারের অভিযোগে করা মামলার প্রধান আসামি জুলহাস তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে ঢাকার কদমতলীর স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুলহাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইতালিসহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুরের রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে জুলহাস তালুকদারসহ ৯ জনের একটি চক্র ২৩ লাখ টাকা নেয়। পরে আরমানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে আরমানের ওপর নির্মম শারীরিক নির্যাতন করা হয়। তাকে বাঁচাতে পরিবারের সদস্যরা কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হন। এরপরও চক্রটি আরও টাকা দাবি করে।
এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মানব পাচার আইনে দালাল চক্রের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে জুলহাস তালুকদারকে রাজৈর থানায় হস্তান্তর করে র্যাব-৮ ও ১০।
দুপুরে জুলহাস তালুকদারকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মানব পাচার আইনে করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগির আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। জুলহাসের বিরুদ্ধে মানব পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে করা ১৫টি মামলা আছে।
আরটিভি/এমএইচজে