বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:৩৪ পিএম
তিস্তার ভয়াবহ ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরাঞ্চলের মানুষ। এবার ভাঙনের করাল গ্রাসে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে চর বিদ্যানন্দ ইউনিয়নের ঐতিহাসিক ‘মন্ডলপাড়া জামে মসজিদটি’।
বুধবার (২২ জুলাই) বিকেলে তিস্তা নদীর প্রলয়ংকরী রূপের সামনে টিকতে না পেরে মসজিদটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। এতে করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে বেড়েছে ভাঙন আতঙ্ক।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তিস্তা নদীর ভাঙন আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে মন্ডলপাড়া জামে মসজিদটি তিস্তার তীরঘেঁষে চরম ঝুঁকিতে ছিল। নদী ভাঙনের গতি এতই তীব্র ছিল যে, ভিটেমাটি ও মসজিদ রক্ষার কোনো সুযোগই পাননি চরাঞ্চলের মানুষ। চোখের সামনেই এরই মধ্যে বুধবার বিকেলে পুরো মসজিদ ভবনটি তিস্তার পেটে চলে যায়।
চর বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা আনোয়ার আলী আক্ষেপ করে বলেন, আমাদের একটাই প্রার্থনা ছিল ঘরবাড়ি যাক, অন্তত আল্লাহর ঘরটা যেন বেঁচে যায়। কিন্তু রাক্ষুসে তিস্তা তাও কেড়ে নিল। এখন আমরা কোথায় নামাজ পড়ব?
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছরই নদী ভাঙনে বিদ্যানন্দ ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। ভিটেমাটি, আবাদি জমি ও সামাজিক প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছেন শত শত পরিবার। অথচ ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো পদক্ষেপ এখনো দেখতে পাননি তারা।
জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ না করা হলে, চর বিদ্যানন্দ ইউনিয়নের আরও বহু বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আরটিভি/এসএস