পিকআপের সঙ্গে ধাক্কা লেগে সাবেক ফুটবলারের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:২৮ পিএম


পিকআপের সঙ্গে ধাক্কা লেগে সাবেক ফুটবলারের মৃত্যু
মহিন উদ্দিন প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক সড়ক দুর্ঘটনায় সাবেক ফুটবলার (গোলরক্ষক) মহিন উদ্দিন প্রকাশ (মহিন বাবু) (৫৫) নিহত হয়েছেন। তিনি নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের দায় মিয়াজির নিবাসী মরহুম ইসহাকের (প্রকাশ গরম সাহেব) ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপার বা অবস্থানকালে একটি দ্রুতগামী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ফিরে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের বড় ভাইয়ের ভাড়াটিয়া বাসা ছেড়ে যাওয়ার সময় বিদ্যুৎ বিল নিয়ে নিহতের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে মালামাল নিয়ে ভাড়াটিয়া চলে যাওয়ার সময় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মহিন বাবু সড়ক দুর্ঘটনায় মারা যান।

নিহত মহিন বাবু একজন দক্ষ ফুটবলার (গোলরক্ষক) হিসেবে ফটিকছড়ি ও নাজিরহাট এলাকায় অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে নাজিরহাটসহ পুরো ফটিকছড়ি ক্রীড়াঙ্গন এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয়রা গভীর শোক ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করছেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission