বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১১:০৯ পিএম
পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ইকবাল মল্লিক (৪৯) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে রোড) সড়কের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল মল্লিক উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া এলাকার মৃত রহিম উদ্দিন মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী শহরের আলহাজ মোড় এলাকায় ইকবালের একটি চায়ের দোকান রয়েছে। ঘটনার সময় তিনি কোথাও যাওয়ার জন্য রিকশার অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি রিকশাকে থামার সংকেত দিলেও সেটি না থেমে চলে যায়। পরে ওই রিকশার পেছন থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।
এতে ইকবাল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ব্যক্তি রিকশার জন্য সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/টিআর