images

দেশজুড়ে

দুর্নীতির অভিযোগে প্রকৌশলী দম্পতিকে দুই শহরে বদলি

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৯:৩৯ এএম

দুর্নীতির অভিযোগের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তাকে অন্য দুটি সিটি করপোরেশনে বদলি করা হয়েছে।

অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ থেকে সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়ার কয়েক দিনের মাথায় এই বদলির প্রজ্ঞাপন জারি করা হলো।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, শাহীনকে
ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং ফারজানাকে রংপুর সিটি করপোরেশনের শূন্যপদে বা সমপদে পদায়ন করা হয়েছে। আগামী রোববারের (২৬ জুলাই) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় সোমবার (২৭ জুলাই) থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বেতনক্রম অনুযায়ী নতুন কর্মস্থল থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসরসহ প্রশাসনিক বিষয়ও নতুন কর্মস্থল থেকেই নিষ্পন্ন হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

মহাসড়কে ইয়াবা ফেলে ঝগড়ায় মত্ত দুই কারবারি, কুড়িয়ে নিতে হুলুস্থুল

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই বদলির নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম।

এর আগে বিভিন্ন জাতীয় দৈনিকে এই প্রকৌশলী দম্পতির বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক প্রভাব বিস্তার, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। এর পরিপ্রেক্ষিতে ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগ শাহীন ও ফারজানার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরেজমিন তদন্তের নির্দেশ দেয়। তদন্ত কমিটিকে অভিযোগগুলো যাচাই-বাছাই করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

আরটিভি/এমএইচজে