images

দেশজুড়ে

বান্দরবানে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ ১

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:২০ এএম

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় সাঙ্গু নদীতে একটি নৌকা ডুবে মো. জাওয়াদ উল ইসলাম (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

নিখোঁজ মো. জাওয়াদ উল ইসলাম ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে নেমে ১৩ জন পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরা তাদের গ্রহণ করেন। বিকেলে তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে তারা রেমাক্রির উদ্দেশে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন। রেমাক্রির পথে তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে ছয়জন আরোহী থাকা নৌকাটি ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ নিখোঁজ হন। তাকে উদ্ধারে স্থানীয় ও সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু

থানচি পর্যটক গাইড সমিতির সভাপতি জে ওয়াই প্রু মারমা গণমাধ্যমকে বলেন, পর্যটকরা আলীকদম-থানচি সড়ক দিয়ে তিন্দুতে এসে গাইডের সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা থানচি উপজেলা প্রশাসনের নির্ধারিত নিবন্ধন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই রেমাক্রির উদ্দেশে রওনা হন। ফলে নিখোঁজ পর্যটকের নাম-পরিচয়সহ তাদের কোনো তথ্য প্রশাসনের কাছে নেই।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল গণমাধ্যমকে বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলছে। পর্যটকরা থানচিতে এসে প্রশাসনিক নিবন্ধন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না করায় নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

আরটিভি/এমএইচজে