শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১২:৫২ পিএম
জামালপুরের মেলান্দহে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার হারুন অর রশিদ ইসলামী মাদরাসা সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম (৪৭) উপজেলার পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য হারুন অর রশিদ ইসলামী মাদরাসায় সকালের খাবার পৌঁছে দেন। খাবার শেষে টিফিন ক্যারিয়ার নিয়ে মাদরাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তবে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি।
শুক্রবার সকালে কয়েকজন শিশু ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পরিবারের লোকজন চিকিৎসার কাগজপত্রও দেখিয়েছে।
আরটিভি/আইএম