অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার পথেই প্রাণ গেল ব্যবসায়ীর

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:৩৯ এএম


অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার পথেই প্রাণ গেল ব্যবসায়ীর
নিহত মোহাম্মদ আলমগীর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহত মোহাম্মদ আলমগীর (৫০) লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা। তিনি সাউন্ড হেলথ হাসপাতালের সামনে একটি হোটেল পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীরের স্ত্রী নতুন সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে যেতে মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর। এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

নতুন সাউন্ড হেলথ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী বলেন, আলমগীরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, সদক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চমেক হাসপাতালে মারা গেছেন। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission