শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৮:৫৪ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনচালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নসিমনচালক মজনু (৩৬) ও তার সহকারী (হেলপার) দুলাল মনি দাস (৪২)। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মজনু ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লভদী এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীনগরের মদনখালী এলাকায় ভাড়া থাকতেন। অপরদিকে, দুলাল মনি দাস উপজেলার শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া এলাকা থেকে কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে লস্করপুর নতুন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনচালক মজনু ও তার সহকারী দুলাল মনি দাস গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার দিকে পালিয়ে যায়।
নিহতের ভাই স্বপন মনি দাস জানান, শিবরামপুর হাট উপলক্ষে তার ভাই দুলাল নসিমনে করে কাঠ নিয়ে হাসাড়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/টিআর