শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৯:০১ পিএম
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাসার ছাদে লাগানো তিনটি গাঁজা গাছসহ অংকন দে (২৯) নামের এক বরখাস্ত পুলিশ কনস্টেবল গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের বাথরুমের ছাদে টবে লাগানো তিনটি গাঁজা জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, অংকন দে একসময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ইয়াবাসহ আটক হওয়ায় পরে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হন।
পুলিশ জানায়, জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার অংকন দে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযানে উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/ এসকেডি