images

দেশজুড়ে

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১১:৩০ এএম

কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুশীল নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকের বেশে অভিযান পরিচালনা করেন। এ সময় সুশীলও কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।

নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য তিনি লুঙ্গি পরে কৃষকের ছদ্মবেশে ফসলি মাঠে যান। আসামির কাছাকাছি পৌঁছালে সুশীল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন
Web-Image8

আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৭ নারী-পুরুষ ধরা

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রায় তিন মাস আগে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-(২) পলাতক আসামি সুশীলকে সাজা দেন। এর পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরটিভি/আইএম