রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৮:৩১ পিএম
লক্ষ্মীরপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাত দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং আবিরনগর এলাকার খামারবাড়ির বাসিন্দা কৃষক নুর হোসেন নুরুর মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, জান্নাত সকালে স্কুলে না গিয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশের বিভিন্ন স্থান ও সম্ভাব্য এলাকায় খোঁজ করেও স্বজনরা তাকে পাননি। সকাল ১০টার দিকে সে নিখোঁজ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ ঘরের পাশের পুকুরে ভেসে ওঠে। পরে জান্নাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী জামাল উদ্দিন বলেন, মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিল। তাদের ঘরের পাশের পুকুরটি কচুরিপানায় ঢাকা রয়েছে। সবার অগোচরে সে ওই পুকুরে পড়ে ডুবে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শুনেছি, সে দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
আরটিভি/টিআর