images

দেশজুড়ে

খুলনায় গৃহবধূ হত্যায় ৫ জনের যাবজ্জীবন

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১১:১১ পিএম

খুলনার দিঘলিয়া উপজেলায় রাশিদা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

রোববার (২৬ জুলাই) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিঘলিয়া দক্ষিণপাড়ার মোছা. আনোয়ারা বেগম, তার ছেলে ইসমাইল শেখ ওরফে বাবু, জামাই শামিম শেখ, রাজু ওরফে রাজু মুন্সি এবং ইলিয়াস শেখ। এদের মধ্যে শামীম ও আনোয়ারা ছাড়া অন্য তিন আসামি পলাতক রয়েছেন।

আরও পড়ুন
Web-Image

ঝুঁকিতে আতাই নদীর বাঁধ, ১০ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ জুলাই দিঘলিয়ার দেয়াড়া উত্তরপাড়ায় বাড়িতে একা থাকা বৃদ্ধা রাশিদা বেগমকে গলা কেটে হত্যা করে সংঘবদ্ধ চোরের দল। পরে তারা ঘর থেকে ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে নাসিরুজ্জামান দিঘলিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১২ মার্চ পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি স্যান্ডেলের সূত্র ধরে প্রথমে শামীম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়। আদালতের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচ আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়েছে।

আরটিভি/এমএ