images

দেশজুড়ে

অভিমানেই থেমে গেল গৃহবধূর জীবন

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৯:২৬ এএম

নেত্রকোণায় স্বামীর ওপর অভিমান করে পিঁপড়া মারার বিষ খেয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) দুপুরে বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের পূর্ব মোয়াটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অমি আক্তার (১৮) ওই গ্রামের খোরশেদ আলমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে পার্শ্ববর্তী রায়পুর ইউনিয়নের বন্যপাড়া গ্রামের শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে  অমির বিয়ে হয়। কাজের সুবাদে শাকিব মুন্সীগঞ্জে থাকেন। সম্প্রতি স্বামীর সঙ্গে মুন্সীগঞ্জে যাওয়ার বিষয় নিয়ে দুজনের মধ্যে মান-অভিমান চলছিল।

শনিবার দুপুর ২টার দিকে বাবার বাড়িতে থাকা অবস্থায় অমি আক্তার ঘরে থাকা পিঁপড়া মারার বিষপান করেন। এর কিছুক্ষণ পর তার মা শরিফা আক্তার বিষয়টি টের পেন। দ্রুত তিনি মেয়েকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন
SUAMIYA

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, বিকেল ৩টার দিকে অমি আক্তারকে হাসপাতালে আনা হয়। সঙ্গে বিষের কৌটাও আনা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর তার পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসার চেষ্টা চালানো হলেও অতিরিক্ত বিষ পানের কারণে বিকেল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম