images

দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশা দুর্ঘটনার ঘটনায় তদন্ত কমিটি গঠন

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৭:০৩ পিএম

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্র ও অটোরিকশার দুর্ঘটনার ঘটনায় পাকশি ডিভিশনাল মেডিকেল কর্মকর্তা (ডিএমও) ডা. মো. শাকিল আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও), বিভাগীয় প্রকৌশলী এক (ডিইএনওয়ান), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই ক্যারেজ) ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই লোকো)।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিং পরিদর্শন করেন তদন্ত কমিটি।

দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের দ্বায়িত্বে থাকা গেটম্যানসহ স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তদন্ত টিম।

আরও পড়ুন
Web-Image---Copy

রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

জানা গেছে, রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিংয়ে রাজবাড়ী অভিমুখে একটি তেলবাহী ট্রেন প্রথমে ইঞ্জিনসহ বেশকয়েকটি বগি নিয়ে রেললাইন ক্রস করে। পরে গেটম্যান রেললাইনের ব্যারিয়ার উঠিয়ে দিলে, কিছু সময় পর মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া বেশ কয়েকটি বগি এসে মহাসড়কে চলাচলরত মাহেন্দ্রা, অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্রাকে প্রায় ১০০ গজ দূরে ঠেলে নিয়ে যায় মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগিগুলো এবং দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। 

এছাড়া বাসটিকেও ঠেলে নিয়ে যায় রেললাইনে। এ সময় গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে খানখানাপুরের মনোয়ার পাটোয়ারী ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বালিয়াকান্দি শামোকখোলার আব্দুল মালেক মারা যান।

আহত হয়েছেন- রাজবাড়ী দৌলতদিয়ার লিয়াকত, আশিক, গোয়ালন্দ মোড়ের নুরু শেখ, কল্যানপুরের নুরুল ইসলাম, কালুখালীর বিল্লাল ও খানখানাপুরের বলাই। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাকশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মো. ফিরোজ আহম্মেদ বলেন, তদন্ত কমিটির প্রধানসহ আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলছি। একইসঙ্গে এ ঘটনায় আহতদের খোঁজখবর নেওয়াসহ নিহতের পরিবারের সঙ্গে কথা বলবে। সাধারণত এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। হয়ত চলন্ত অবস্থায় হুক কোনোভাবে খুলে এ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, দ্রুত শেষ করে প্রতিবেদন পেশ করা হবে।


আরটিভি/এমএইচজে