সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১০:৪০ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাতির লাথিতে ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়ারুন নেসা ওই গ্রামের রূপচাঁদ মাঝির স্ত্রী।
নিহতের ছেলে সোহরাব মাঝি জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। বাড়িতে তার ভাগনে মেহেদী হাসানের সঙ্গে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়। এ সময় মেহেদীর লাথিতে তার মা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নাতি মেহেদী হাসানের ধান নানীর হাঁসে খেয়ে ফেলায় দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী হাসান ইয়ারুন নেসাকে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে