মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০১:৫৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় ইয়ামিন ভূঁইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার নববধূ সুমা আক্তার (১৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শহরের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবাস থেকে ফিরে মাত্র ১০দিন আগে বিয়ে করেন ইয়ামিন। সোমবার বিকেলে নববধূকে নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তিনি নিজ বাড়ির উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা দেন।
পথিমধ্যে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ইয়ামিন ও তার স্ত্রী সুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
একইসঙ্গে আহত সুমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের চাচা নওশাদ হোসেন বলেন, গত ৮ জুলাই ইয়ামিন বিয়ে করার জন্য সৌদি আরব থেকে দেশে আসেন। তবে দেশে ফেরার আগেই পারিবারিকভাবে তার কাবিন সম্পন্ন হয়েছিল। পরে ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়। শনিবার (২৫ জুলাই) ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান ইয়ামিন। সোমবার বিকেলে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
তিনি আরও বলেন, বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম