মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৬:১২ পিএম
পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আকবর খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজার এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর উপজেলার সিংগা এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ছিনতাই করা ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আকবর খান পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত ২৫ জুলাই দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকার ব্যবসায়ী ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকা সাড়া দিতে যান ওই ব্যবসায়ী। পরে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে 'ট্রাকে মাদক আছে' এমন কথা বলে তল্লাশি চালায়। পরে ট্রাকে থাকা টাকার ব্যাগসহ স্থানীয় পুলিশ ফাঁড়িতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল যোগে রওনা দেয়। এক পর্যায়ে হারুখালি মাঠ এলাকায় কৌশলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান তারা।
আরটিভি/এমএইচজে