বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১১:০৭ এএম
ময়মনসিংহে মুঠোফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে টাকা আত্মসাতের অভিযোগে আসিফ আহমেদ ওরফে সায়েম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে র্যাব-১৪ ময়মনসিংহের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসিফ হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জানা গেছে, নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুর গ্রামের বাসিন্দা চৌধুরী মনিরুজ্জামান (৪৭) চাকরির সুবাদে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় থাকেন। গত ১৩ জুন তার মুঠোফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে তার স্যালারি অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওই দিনই বগুড়ার শাহজাহানপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭, ১৮, ২২ ও ২৭ ধারায় চারজনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় আসিফ আহমেদ চার নম্বর আসামি।
র্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে আসিফকে গ্রেপ্তার করা হয়। এর পর তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে