বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৫:০৯ পিএম
বগুড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ধুনট উপজেলার বথুয়াবাড়ী গ্রামের মোজাফফর ফকিরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা (২৫) শেরপুর উপজেলার হামছাপুর মুন্সিপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে ও পেশায় একজন অটোমোবাইল শ্রমিক ছিলেন। অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত রাব্বি মিয়া (১৪) সম্পর্কে নিহতের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ছোট ভাই রাব্বিকে সঙ্গে নিয়ে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে শ্বশুরবাড়িতে যান সোহেল রানা। সেখান থেকে বুধবার ভোরে তারা মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সোহেল রানা নিহত হন।
পরে স্থানীয়রা আহত রাব্বি মিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/আইএম