বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৫:৪৬ পিএম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১১ বছরের এক মেয়েশিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মাইনুল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারসংলগ্ন পল্লব হাওলাদারের করাতকলে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত মাইনুল হাওলাদারের দোকানের সামনে গেলে তাকে করাতকল থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিতে সহায়তার কথা বলে সেখানে নেওয়া হয়। পরে সেখানে অন্য কেউ না থাকায় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় এক নারী বিষয়টি দেখতে পেলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান। পরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করার জন্য বুধবার (২৯ জুলাই) ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে